ঋণের বোঝায় একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ:

বাংলাদেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং দেশের ক্রমবর্ধমান ঋণের কারণে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে জনগণ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশের ওপর ঋণের চাপ বাড়তে থাকলে এবং যথাযথ পরিকল্পনা না থাকলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে উঠতে পারে।

পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন।

নিজের এই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে টুকু বলেন, অনেকে বিষয়টি নিয়ে চায়ের দোকানে সমালোচনা করবেন—এটা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি।

মন্ত্রী বলেন, ৩০ থেকে ৪০ বছর আগে ঘুম থেকে উঠে তিনি এ ধরনের গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখেছেন। রাস্তা পরিষ্কার হয়ে চকচক করার সেই দৃশ্যের স্মৃতি থেকেই তিনি উচ্ছ্বাস নিয়ে ট্রাকে উঠেছেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত যানবাহনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি সম্পদের মালিক জনগণ।

সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন

এর আগে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments