বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি:
দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাসেদ আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বিপ্লব হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে নির্মাণকাজে অনিয়মের সম্ভাবনা দেখা গেছে। এ সময় কর্মকর্তারা সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কয়েকটি পিলার ভেঙে ভেতরের নির্মাণসামগ্রী পরীক্ষা করেন। তার ভাষ্য অনুযায়ী, কিছু অংশে প্রয়োজনীয় পরিমাণের তুলনায় রডের উপস্থিতি কম পাওয়া গেছে।
তিনি বলেন, সরেজমিনে সংগৃহীত তথ্য ও নমুনার ভিত্তিতে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুদকের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পর্যালোচনা ও পরীক্ষার পর বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কমিশনকে বিস্তারিত জানানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে ব্যবহৃত কথিত বাঁশ অভিযানের সময় ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান দুদকের কর্মকর্তা। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও অন্যান্য তথ্যের মাধ্যমে বাঁশ ব্যবহারের বিষয়টি তারা দেখেছেন। তবে সেতুর কিছু অংশের শাটারিংয়ে বাঁশ ব্যবহারের বিষয়টি সরেজমিনে দেখা গেছে।
গ্রেপ্তার সাব-ঠিকাদার, মামলা
এদিকে বাঁশ ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪৪ বছর বয়সী শাহ আলম রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তির বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলমকে। অপর আসামি শাহ আলম।
ঘটনাটি তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এলজিইডির প্রকৌশলী সাময়িক বরখাস্ত
নির্মাণকাজে অনিয়মের অভিযোগের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও চিঠিতে এসব প্রশাসনিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।
প্রায় ১০ কোটি টাকার সেতু
বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৯০ দশমিক ০৬ মিটার। এটি বাসাইল জিসি-কাউলজানী ইউপি হয়ে মাইজখাড়া জিপিএস সড়কের অংশ হিসেবে নির্মিত হচ্ছে।
সেতুটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ করছে।
২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়। প্রাথমিকভাবে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
যেভাবে সামনে আসে অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব নির্মাণের জন্য ঢালাই শুরু করেন। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
তারা নির্মাণকাজে বাধা দিলে ওই সময় কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় কয়েকজন ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। তাদের অভিযোগ, পরে তারা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাতেই আবার ঢালাইয়ের কাজ শুরু করে শেষ করা হয়।
পরবর্তী সময়ে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নেয়।
তদন্তের পর সিদ্ধান্ত
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে এবং তাদের অনুপস্থিতিতে রাতে সেতুর ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করেন। কর্তৃপক্ষের কাছে কাজটি ত্রুটিপূর্ণ ও নিয়মবহির্ভূত বলে প্রতীয়মান হয়েছে।
তিনি জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঢাকা অঞ্চল ও টাঙ্গাইল এলজিইডির কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাজী ফাত্তাউর রহমান বলেন, সেতুর নির্মাণকাজের বিভিন্ন অংশের ল্যাবরেটরি পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি যাচাই করা হবে। তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে নির্মাণকাজে প্রকৃতপক্ষে কী ধরনের অনিয়ম হয়েছে এবং এর ফলে সেতুর কাঠামোগত নিরাপত্তা বা স্থায়িত্ব কতটা প্রভাবিত হয়েছে, তা নির্ধারণে কারিগরি পরীক্ষা ও সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Comments
Post a Comment